স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। এ ঘটনায় সংগঠনটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সারাদেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।
শনিবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে এই প্রতিক্রিয়া জানানো হয়। সর্বশেষ পোস্টে বলা হয়, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে এক ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
এর আগে প্রকাশিত আরেকটি পোস্টে বলা হয়, হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে মাহদী হাসানকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন। তবে সংগঠনের দাবি, পুলিশ যে কারণ দেখিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে, তা ‘অস্পষ্ট ও অযৌক্তিক’।
সংগঠনটির পোস্টে আরও দাবি করা হয়, ‘অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই ঘটনার কিছুক্ষণ পরই তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার, সংগঠনের হুঁশিয়ারি কঠোর কর্মসূচির
