স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার আত্মবিশ্বাসী ঘোষণা “আমি এলাকার কিং, জনগণই আমার ভরসা”

স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে

হবিগঞ্জ-১(নবীগঞ্জ–বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শেখ সুজাত মিয়া বলেছেন, তিনি এলাকার জনপ্রিয় নেতা এবং জনগণের ভোটেই জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ সুজাত মিয়া বলেন, “গোটা কয়েকজন বাদে দলের সবাই আমার সঙ্গে আছেন। রেজা কিবরিয়া আওয়ামী লীগ নিয়ে কাজ করছেন। আমি বাহুবল ও নবীগঞ্জ এলাকায় মানুষের ভালোবাসা অর্জন করেছি। আমি ৪৫ বছর ধরে এই অঞ্চলের মানুষের সঙ্গে কাজ করে আসছি।”

তিনি আরও বলেন, “শরীরের ওজন থাকলেই কেউ হেভিওয়েট প্রার্থী হয় না, জনপ্রিয়তা থাকতে হয়। জনগণই আমার শক্তি, ইনশাআল্লাহ আমি বিজয়ী হব।”

শেখ সুজাত মিয়া বর্তমানে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

প্রতীক বরাদ্দের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *