গণমঞ্চ নিউজ ডেস্ক –
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে শুক্রবার জুমার পর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ছাত্র-জনতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল, সমাবেশ, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া, ঢাকা-ডেমরা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কে সড়ক অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়। অনেক স্থানে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
ফেনী, কুমিল্লা, নোয়াখালী, গোপালগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল, সিলেটসহ দেশের প্রায় সব বিভাগেই এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, তৌহিদি জনতা ও সর্বস্তরের জনগণ এতে অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা হাদি হত্যাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যা উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
