সাদাপাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জে বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন গ্রেপ্তার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ হারানো সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। দায়ীদের ধরতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়ায় অভিযান চালিয়ে ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের অন্যতম মূলহোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *