স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে দেখা মিলেছে একটি মায়া হরিণের। উদ্যানের কুনিমোড়া এলাকায় সোমবার সকালে হরিণটি দেখা যায়। এমন দৃশ্য উদ্যান ও আশপাশের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন পরিবেশবাদীরা ও প্রকৃতিপ্রেমীরা।
স্থানীয়রা জানান, এর আগেও সড়কের পাশে বানর ও মাঝে মাঝে ভাল্লুক দেখা গেলেও হরিণের দেখা পাওয়া বেশ বিরল ঘটনা। এবার মায়া হরিণের উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আনন্দ ও আশাবাদ বিরাজ করছে।
উল্লেখ্য, সোমবার সকাল ৮টার দিকে চুনারুঘাট-মাধবপুর পুরাতন মহাসড়কের পাশে হরিণটি দেখে মোবাইল ফোনে ছবি তোলেন রাজার বাজারে অবস্থিত পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার বিশ্বজিৎ রায় সুমন।
সাতছড়ি জাতীয় উদ্যান ঘিরে ২৪৩ হেক্টর আয়তনের বনভূমি রয়েছে। উদ্যানের চারপাশে রয়েছে ৯টি চা-বাগান এবং ভেতরে টিপরা পাড়ায় পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় ২৪টি পরিবার বসবাস করে। এ বনে ১৯৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণি ও সরীসৃপ এবং ১৫০ থেকে ২০০ প্রজাতির পাখি রয়েছে। এখানকার উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে লজ্জাবতী বানর, উল্লুক, চশমা পরা হনুমান, কুলু বানর, মেছোবাঘ এবং মায়া হরিণ।
উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণীর চলাচল বৃদ্ধি পেয়েছে যা একটি ইতিবাচক বার্তা বহন করে। তবে বন ও প্রাণি সংরক্ষণে স্থানীয়দের সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন।
এ বিষয়ে পরিবেশকর্মী ও স্থানীয় গণমাধ্যকমী জানান,“বনের ভেতরে যারা বসবাস করেন বিশেষ করে আদিবাসী পরিবারগুলোকে বন্যপ্রাণী রক্ষায় আরও দায়িত্বশীল হতে হবে। শিকার বা প্রাণিহত্যা যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
প্রকৃতিপ্রেমীরা মনে করছেন, এই ধরনের ঘটনা স্থানীয় পর্যটন ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বন বিভাগের তদারকি ও সুরক্ষামূলক ব্যবস্থাও আরও জোরদার করা প্রয়োজন।
