গণমঞ্চ ডেস্ক
হবিগঞ্জের নবীগঞ্জে তরুণ সাংবাদিক ইমরান আহমদ কাজল সাংবাদিকতার পেশাগত নীতিমালা, ব্যক্তিগত বিবেক এবং নিরপেক্ষতার মানদণ্ড রক্ষার স্বার্থে নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সকল পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জানা যায় ইমরান আহমদ কাজল নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ এর দপ্তর সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন, এবং সে বর্তমান কমিটির দপ্তর সম্পাদক।
তিনি বিষয়টি গত ০৪ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রাত প্রায় দেড়টার সময় তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেন।
বিবৃতিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন
আমি মূলত একজন সাংবাদিক। বাংলাদেশে সাংবাদিকতা ও রাজনীতি একসাথে সমানভাবে চালানো বাস্তবে অত্যন্ত কঠিন। জনগণের সত্য কথা বলা সাংবাদিকতার দায়িত্ব; কিন্তু রাজনৈতিক পরিচয় থাকলে মানুষ সন্দেহ করে-এটা কি দলীয় ভাষ্য, নাকি বাস্তবতা? আমার বিবেকও এমন দ্বন্দ্ব মেনে নিতে পারে না।
তিনি আরও বলেন,
দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে রাজনীতি ও সাংবাদিকতা—উভয় ক্ষেত্রেই অবিশ্বাসের একটি সংস্কৃতি তৈরি হয়েছে। সত্য কথা বললেও রাজনৈতিক রঙ লাগিয়ে দেওয়া হয়। আমি কাউকে ঠকাতে চাই না, কাউকে বিভ্রান্ত করতে চাই না।
ইমরান আহমদ কাজল জানান,
আজ থেকেই তিনি গণঅধিকার পরিষদের রাজনীতি এবং নবীগঞ্জ উপজেলা ইউনিটের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।
নিজ সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি আরও লেখেন
“সাংবাদিকতাই আমার মূল পরিচয়, দায়িত্ব ও অঙ্গীকার। সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালাতেই চাই। কোনো দলের পক্ষ নয়—শুধু মানুষের পক্ষে দাঁড়ানোই আমার লক্ষ্য।
সংগঠনের প্রতি সম্মান রেখে বিষয়টি লিখিতভাবে নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিকে অবহিত করবেন বলেও জানান তিনি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইমরানের এই পদত্যাগকে অনেকেই “সাংবাদিকতার শুদ্ধতা রক্ষার সাহসী সিদ্ধান্ত” হিসেবে দেখছেন।
