গণমঞ্চ নিউজ ডেস্ক –
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র প্রার্থীরা পৃথকভাবে ব্যাপক নির্বাচনি গণসংযোগ চালিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, মোটরসাইকেল শোডাউন, আলোচনা সভা ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার সাতপোয়া উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামীম। মো. আবুল হুসেন নাটু মৌলভীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মো. আবুল হোসেন চাঁদ। সভায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লিফলেটও বিতরণ করা হয়।
শনিবার সকালেই ভাটারা বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন জামায়াতে ইসলামী প্রার্থী মো. আব্দুল আওয়াল। এতে উপজেলা জামায়াতের আমির মাসুদ রানা দুলালসহ দলটির নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের মোটরসাইকেল শোডাউনে অংশ নেন।
অন্যদিকে, জুলাই শহীদ রবিউল ইসলামের কবর জিয়ারত করে সরিষাবাড়ী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপ্রত্যাশী নাথেরপাড়া গ্রামের ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. জিয়াউর রহমান তার নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেন। শনিবার দুপুরে তিনি আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, কুলপাল ও রেলওয়ে স্টেশন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে “শাপলা কলি” প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি জামালপুর জেলার যুগ্ম সদস্য সচিব আনোয়ারুর কবীর সোহাগ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, জেলা যুব শক্তির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা এনসিপির সদস্য রফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মামুনুর রশীদসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
রাতে এনসিপির সম্ভাব্য আরও এক প্রার্থী ডা. মোশাররফ হোসেন ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে একটি উঠান বৈঠক করেন, যেখানে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
