মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার ৪নং আঠারবাড়ি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত প্রতিষ্ঠান—সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসা—শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও নতুন শিক্ষার্থী ভর্তি নিশ্চিতে গড়ে তুলেছে শিক্ষাপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। নিষ্ঠাবান শিক্ষক ও স্টাফবৃন্দ প্রতিনিয়ত শিক্ষার্থীদের উন্নয়ন এবং উপস্থিতি বৃদ্ধির জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছেন। প্রতিটি এলাকায় চলছে নিয়মিত প্রচারণা, যা ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সরেজমিনে দেখা যায়, শিক্ষকরা যখন শিক্ষার্থীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভর্তি কার্যক্রম চালান, তখন চারদিকে যেন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, “শিক্ষার্থী সংগ্রহে স্যার-ম্যাডামদের নিষ্ঠা দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত হই। তাদের কথায় ভরসা পাই, আর তাদের পরিশ্রম শিক্ষার মানোন্নয়নে অসাধারণ ভূমিকা রাখছে।”
উচ্ছ্বাস প্রকাশ করে অনেক অভিভাবক বলেন, “এই প্রচারণার বিজয় কোনো ব্যক্তির নয়—এটি শিক্ষার বিজয়। শিক্ষা উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা আমাদের প্রত্যাশা পূরণ করবে। আমরাও সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে রাখবো।”
শিক্ষানুরাগী নেতৃবৃন্দ মনে করেন, শিক্ষার্থী সংগ্রহে এই সাফল্য নেতৃত্ব ও অভিজ্ঞ পরিচালনারই প্রতিফলন। তাদের আশা—সততা, নৈতিকতা ও উন্নয়নের ধারাকে ধরে রেখে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করবেন সংশ্লিষ্টরা।
শিক্ষা সংশ্লিষ্টদের এমন ঐক্যবদ্ধ প্রয়াসে আঠারবাড়ি ইউনিয়নের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে—যা একদিন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে পুরো এলাকার জন্য।
