সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সারা দেশ থেকে হাজারো শিক্ষক যোগ দেন।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণ, সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ এবং অন্যান্য সাংগঠনিক দাবি বাস্তবায়ন।

প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের আয়োজন করে। শিক্ষকের পদচারণায় শহীদ মিনার চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

শিক্ষকেরা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। সমাবেশে অংশ নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং বর্তমান সরকার দাবিগুলো না মানলে ভবিষ্যতে ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের আশ্বাস দেন।

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে সংহতি জানানোর কথা রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া সমাবেশে অংশ নিয়ে ঘোষণা দেন, শিক্ষকদের দাবি বাস্তবায়িত না হলে তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করবেন।

সমাবেশে আরও বক্তব্য দেন ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *