সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস ধারণা করছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এই প্রবণতা পুরো সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *