গণমঞ্চ নিউজ ডেস্ক –
প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটরদের দীর্ঘলাইন দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি। ভোট শুরুর পর থেকে সকাল ১০টা পর্যন্ত আবাসিক শিক্ষার্থীদের চাপ বেশি দেখা গেছে কেন্দ্রগুলোতে।
সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রগুলোতে সকাল থেকেই আবাসিক শিক্ষার্থীদের ভিড়। তবে বেলা বাড়তেই আসতে শুরু করেছেন অনাবাসিক শিক্ষার্থীরাও। সংশ্লিষ্টরা বলছেন ধীরে ধীরে আবাসিক শিক্ষার্থীদের চাপ কমবে বাড়বে অনাবাসিক শিক্ষার্থীদের চাপ।
ভোটকেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সাথে কথাও বলছেন তারা।
উল্লেখ্য, এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। বিকাল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ১৯ জন প্রার্থী। মধ্যে নারী শিক্ষার্থী ১৮ হাজার ৯৫৯ জন আর ১৮টি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪।
সব মিলিয়ে এবার একজন ভোটারকে ৪১টি করে ভোট দিতে হবে। ভোটগ্রহণ হচ্ছে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। এরপর ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফলাফল গণনা। ফলাফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।
