শেখ হাসিনার মৃত্যুদণ্ড: টিএসসিতে শিক্ষার্থীদের উল্লাস, মিছিল, মিষ্টি বিতরণ

গণমঞ্চ নিউজ ডেস্ক –

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টিও বিতরণ করেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে রায় ঘোষণার পরপরই শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।

এসময় তারা ‘হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ’, ‘এই মুহূর্তে খবর এলো, হাসিনার ফাঁসি হলো’—এ ধরনের স্লোগান দেন।

এর আগে সোমবার মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বিচারের রায় সরাসরি সম্প্রচারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ উপলক্ষে টিএসসির পায়রা চত্বরে বড় পর্দা বসানো হয়। বেলা ১১টা থেকে শিক্ষার্থী ছাড়াও বহিরাগত বহু মানুষ আসতে শুরু করেন রায় দেখতে।

এ সময় ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসীম উদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জোবায়েরকে উপস্থিত থাকতে দেখা যায়।

রায় ঘোষণার পর ডাকসুর উদ্যোগে টিএসসিতে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষ আনন্দ মিছিল বের করেছেন। মিছিলটি টিএসসি মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করার কথা রয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, “দীর্ঘ ১৭ বছরে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, লুটতরাজ ও চাঁদাবাজির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এই রায়ই চূড়ান্ত নয়। অনতিবিলম্বে খুনি হাসিনা ও তার দোসরদের ভারত থেকে টেনে-হিঁচড়ে এনে বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত জুলাই যোদ্ধাদের রাজপথে থাকতে হবে।”

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের বলেন, “এই রায়ে আমাদের চূড়ান্ত সন্তুষ্টি নেই। হাসিনাকে দিল্লি থেকে গলায় দড়ি দিয়ে এনে ফাঁসি দিলে আমাদের সন্তুষ্টি হবে। যতদিন পর্যন্ত খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি না দেওয়া হবে, ততদিন সবাইকে রাজপথে থাকতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *