শিশুদের পুষ্টিঘাটতি দূর করতে ঈশ্বরগঞ্জে নতুন উদ্যোগ: স্কুল ফিডিং

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সপ্তাহে পাঁচ কর্মদিবসে ফোর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ প্রদান করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, “আজ প্রাথমিকভাবে একটি বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৪০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শিশুদের স্বল্পকালীন ক্ষুধা দূর করবে, পুষ্টিঘাটতি কমাবে এবং শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগ বৃদ্ধি করবে। ফলে বিদ্যালয়ে উপস্থিতির হারও বাড়বে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *