গণমঞ্চ নিউজ ডেস্ক –
জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি রোহিঙ্গা সংকট নিয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করেছে, যেখানে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনে নতুন বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।
ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি পেশ করে। জাতিসংঘে বাংলাদেশ মিশনের বরাতে জানা গেছে, বুধবার (১৯ নভেম্বর) মোট ১০৫টি দেশ প্রস্তাবটির প্রতি সমর্থন জানায়।
২০১৭ সাল থেকে প্রতিবছর এমন প্রস্তাব গৃহীত হলেও রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন, মানবিক সহায়তার প্রবেশাধিকার সীমিতকরণ এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে এতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রস্তাবে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততার ওপরও জোর দেওয়া হয়।
প্রস্তাব গৃহীত হওয়ার পর বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানালেও গত আট বছরে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে। প্রতিনিধিদলের ভাষ্যমতে, বাংলাদেশ আর ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার চাপ বহন করতে পারছে না। তাই তারা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে।
