গণমঞ্চ নিউজ ডেস্ক –
সৌদি প্রো লিগে আবারও দুর্দান্ত নৈপুণ্য দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ৪০ ছুঁলেও যেন থেমে নেই তার গোলের ধারা। আল খালিজের বিপক্ষে চোখধাঁধানো এক বাইসাইকেল কিকে গোল করে ম্যাচ মাতালেন পর্তুগিজ তারকা। তার অসাধারণ সেই গোলের ওপর ভর করেই আল নাসর ৪–১ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের ৯৬তম মিনিটে নাওয়াফ বুশালের উঁচু করে তোলা ক্রসে ভেসে আসে গোল তৈরির মুহূর্তটি। কিছুটা এগিয়ে এসে নিখুঁত এক বাইসাইকেল কিকে প্রতিপক্ষ গোলরক্ষককে কোনো রকম সুযোগই দেননি রোনালদো। অনেকেরই মনে পড়ে যায় ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে তার সেই বিখ্যাত গোলের কথা।
এর আগে ম্যাচের ৩৯তম মিনিটে আল নাসরকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। তিন মিনিট পর ব্যবধান বাড়ান ওয়েসলি। দ্বিতীয়ার্ধের শুরুতে মুরাদ আল-হাওসাওয়ির গোলে ব্যবধান কমায় আল খালিজ। তবে ৭৭তম মিনিটে সাদিও মানের গোল আবারও দুই গোলের লিড এনে দেয় জর্জে জেসুসের দলকে। অতিরিক্ত সময়ে রোনালদোর দৃষ্টিনন্দন গোল জয় নিশ্চিত করে।
এই গোলের মাধ্যমে চলতি লিগে আট ম্যাচে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯–এ। আর ক্যারিয়ারের মোট গোল হলো ৯৫৪টি। ধারাবাহিক এই পারফরম্যান্সে লিগের সব নয়টি ম্যাচ জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর।
