রেহাই পাবেন না হামাস নেতারা: নেতানিয়াহু

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের ওপর আবারো হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, যেখানেই থাকুন না কেনো, হামাস নেতারা রেহাই পাবেন না। খবর বিবিসির।

নেতানিয়াহু বলেন, ‘প্রতিটি দেশেরই তার সীমানার বাইরে আত্মরক্ষার অধিকার রয়েছে।’

যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কাতারে আর হামলা চালাবে না ইসরাইল।

৯ সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে ছয়জন নিহত হন। তবে বেঁচে যান হামাসের শীর্ষ নেতারা। এ হামলার কারণে আন্তর্জাতিক বিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নেতানিয়াহু।

হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইসরাইল স্বাধীনভাবে এ হামলা চালিয়েছে।

এই হামলার ফলে এই অঞ্চলে মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘আমাদের উপসাগরীয় মিত্রদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখা হচ্ছে।’

এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সমালোচনা করে বলেন, ‘এ হামলা ইসরাইল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে এগিয়ে নেবে না।’

নেতানিয়াহু ও রুবিও এমন এক সময় বৈঠক করলেন, যখন আরব-মুসলিম নেতারা কাতারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির কাতারের দোহায় আরব ও মুসলিম দেশগুলোর জরুরি শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বিমুখী আচরণ বন্ধ করার আহ্বান জানানো হয়। সেইসঙ্গে ইসরাইলকে শাস্তির আওতায় আনার আহ্বান জানান কাতারের প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *