যৌথ বাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার দুই

গণমঞ্চ নিউজ ডেস্ক –

খাগড়াছড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অপহৃত এক শিশুকে (১১) উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার পানছড়ি মোল্লাপাড়া সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুর নাম আল রাফি। সে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। তাকে গতকাল দুপুরে অপহরণ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন জেলা সদরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বাদশা মিয়া (২৮) ও পানছড়ির ইটখোলা এলাকার বাসিন্দা কামরুল হাসান (২৩)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, শিশুটিকে উদ্ধারে গতকাল বিকেলে যৌথ বাহিনীর অভিযান শুরু করা হয়। অভিযানে পানছড়ি সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অংশ নেয়। অভিযানের শুরুতে বাদশা মিয়াকে আটক করা হয়। পরে তাঁর তথ্যে কামরুল ইসলামকে আটক করা হয়েছে। অপহরণের ঘটনায় মালেক মিয়া নামের আরেক ব্যক্তি জড়িত। তবে তিনি পলাতক।

জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা প্রথম আলোকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া শিশুটির মামা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *