গণমঞ্চ নিউজ ডেস্ক –
সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)–এর অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিকেলে আমার দেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ছিলেন। দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিনি এর আগে বিএনপি থেকে অব্যাহতি পান।
ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারের পর শওকত মাহমুদকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো সম্ভব হয়নি।
