মরণফাঁদ রাস্তায় ‘মানবতার ডাক’-এর অনন্য উদ্যোগ

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে

গ্রামীণ জনপদের প্রাণকেন্দ্র রায়বাজার–আঠারবাড়ি। পশ্চিম ও পূর্বাঞ্চলের প্রধান প্রবেশপথ এই সড়কটি দীর্ঘদিন ধরে ছিল খানাখন্দে ভরা—একেবারে মরণ ফাঁদে পরিণত। বারবার দাবির পরও কেউ উদ্যোগ না নেওয়ায় অবশেষে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার ডাক’ নিজেরাই এগিয়ে এসে অর্ধ কিলোমিটার রাস্তা সংস্কারের দায়িত্ব নেয়।

বছরের পর বছর ধরে ভাঙাচোরা এই রাস্তায় চলাচল ছিল চরম ঝুঁকিপূর্ণ। বর্ষাকালে কাদা-পানিতে পথচারী ও যানবাহনের দুর্ভোগের শেষ থাকত না। স্থানীয়দের দীর্ঘদিনের আবেদন-নিবেদনের পরও সরকারি উদ্যোগের অভাবে রাস্তাটি ছিল অনিরাপদ ও কষ্টসাধ্য।

স্থানীয়দের অভিযোগ, বারবার দাবি জানালেও কেউ পদক্ষেপ নেননি। এক স্থানীয় বিএনপি নেতা বলেন, “এলাকাটি বিএনপি ঘোষিত হওয়ায় বরাবরই অবহেলা ও বঞ্চনার শিকার।”

রায়বাজার এলাকাটি আঠারবাড়ি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়সহ বাজার ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তাটির কিছু অংশ এতটাই নষ্ট ছিল যে, দীর্ঘদিন ধরে সেটি প্রায় চলাচল-অযোগ্য হয়ে পড়েছিল।

এ অবস্থায় ‘মানবতার ডাক’ সংগঠনের প্রায় দুই ডজন সদস্য নিজেদের উদ্যোগে এবং স্থানীয় মানবিক ব্যক্তিদের সহায়তায় সংস্কার কাজে নামেন। সংগঠনের একমাত্র সদস্য–সচিব প্রার্থী মো. হাদিস মিয়া-এর সহযোগিতায় তারা গর্ত ভরাট, ইট-খোয়া বিছানো এবং রাস্তার পাশ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। পুরো কাজটি সম্পন্ন হয় কোনো সরকারি সহায়তা ছাড়াই—সম্পূর্ণ মানবিক উদ্যোগে।

স্থানীয় বাসিন্দা আজিমূদ্দিন বলেন, “একসময় এই রাস্তা দিয়ে হাঁটা মানেই ছিল ভোগান্তি আর আতঙ্ক। এখন অনেকটা স্বস্তিতে চলাচল করা যায়। আমরা ‘মানবতার ডাক’ দলের প্রতি কৃতজ্ঞ।”

সংগঠনের দলনেতা নুর হুদা বলেন, “আমরা মানবতার সেবায় বিশ্বাসী—রাস্তা হোক বা মানুষ, কষ্ট যেখানে, সেখানেই আমাদের ডাক।”

মানবতার ডাকের এই উদ্যোগ শুধু একটি রাস্তা সংস্কার নয়—এটি সামাজিক ঐক্য, সহযোগিতা ও মানবতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে স্থানীয়দের মনে চিরস্থায়ী দাগ রেখে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *