ময়মনসিংহে পুলিশের অভিযানে ছাদ থেকে লাফ, আওয়ামী লীগ নেতার মৃত্যু

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ময়মনসিংহে পুলিশের অভিযানের সময় নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় রাজুর বাসায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশ ও পরিবার সূত্র জানায়, গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ বাসায় উপস্থিত হলে বিষয়টি টের পেয়ে রাজু দোতলার ছাদ থেকে নিচে লাফ দেন। এ সময় তিনি ভবনের বেলকনিতে আছড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে পুলিশ চলে গেলে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।

নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *