মধ্যপ্রাচ্যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে: ট্রাম্প

গণমঞ্চ নিউজ ডেস্ক –

মধ্যপ্রাচ্যে দারুণ কিছু ঘটনার প্রকৃত সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোষ্টে তিনি একথা বলেন। তবে তিনি এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এই প্রথমবারের মতো বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, যার জন্য সবাই প্রস্তুত। আমরা এটা সম্পন্ন করবো।’

সামাজিকমাধ্যমে পোস্টের পর ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, ‘আরব দেশগুলো এই বিষয়ে অসাধারণ কাজ করেছে। হামাস তাদের সাথে আসছে। আরব বিশ্বের প্রতি তাদের ব্যাপক শ্রদ্ধা রয়েছে।’

তিনি বলেন, ‘আরব বিশ্ব শান্তি চায়, ইসরাইল শান্তি চায় এবং বিবি (নেতানিয়াহু) শান্তি চায়।’

ট্রাম্প আরো বলেন, তার লক্ষ্য কেবল গাজায় যুদ্ধ বন্ধ করা নয়, বরং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা।

এদিকে, হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রোববার নিউইয়র্কে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন।

এরআগে গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ মুসলিম দেশের নেতাদের সাথে বৈঠক করেন ট্রাম্প।

তুরস্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং জর্ডানের নেতাদের সাথে বৈঠকে মূলত গাজা সংঘাত এবং শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়।

ট্রাম্প গাজা যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং হামাসকে বাদ দিয়ে এই অঞ্চলকে শাসনকাজ পরিচালনা করাসহ ২১-দফা পরিকল্পনা উপস্থাপন করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, তিনি পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার অনুমতি দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *