গণমঞ্চ নিউজ ডেস্ক –
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন হাসপাতালে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে অনুমতি পেয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকায় পৌঁছাবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ফ্লাইটটিকে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
উল্লেখ করা হয়েছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসকরাও যুক্ত আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে আলোচনা হলেও তার শারীরিক অবস্থার কারণে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত মত দেয়নি। বোর্ডের অনুমোদন পেলেই তাকে লন্ডনে নেওয়া হবে।
এর আগে, চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে চার মাস চিকিৎসা শেষে তিনি ৫ মে একই ব্যবস্থায় দেশে ফেরেন।
