ভারতের উত্তেজনাপূর্ণ পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: সিআইএসএস মূল্যায়ন

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ইসলামাবাদভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ’ (সিআইএসএস) সতর্ক করে জানিয়েছে, ভারতের নতুন সামরিক নীতি দক্ষিণ এশিয়ার পারমাণবিক নিরাপত্তা পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলছে। দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএসএসের মতে, ভারতের ‘নিউ নরমাল’ নীতির উদ্দেশ্য হলো সন্ত্রাস দমনের নামে উত্তেজনাপূর্ণ সামরিক পদক্ষেপকে স্বাভাবিকীকরণ করা এবং একতরফা হামলার ন্যায্যতা প্রতিষ্ঠা করা।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে ভারতের সামরিক আচরণ ও নীতি নিয়ে এ মূল্যায়ন উপস্থাপন করা হয়।

সিআইএসএসের প্রতিনিধিদের ভাষ্যে, ২০১৯ সাল থেকে ভারতের নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছে এই নীতি, যা সীমান্তে উত্তেজনাপূর্ণ উদ্যোগকে ‘স্বাভাবিক’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ অঞ্চলের দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে স্থিতিশীলতা নষ্ট করছে।

সংলাপে অংশ নেওয়া পাকিস্তানি প্রতিনিধিরা ভারতের অভ্যন্তরীণ সহিংস ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করার প্রচলিত যুক্তিকে চ্যালেঞ্জ করেন। তাদের মতে, এসব অভিযোগ সামরিক হামলার অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। তারা জানান, পাকিস্তান ভবিষ্যতে ভারতের যেকোনো সামরিক অভিযানের তাৎক্ষণিক জবাব দেওয়ার সক্ষমতা রাখে।

সংলাপে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি কলেজের জাস্টিন বার্ক, অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের মাইক হিউজ, ইসলামাবাদে অস্ট্রেলিয়ান হাই কমিশনের কর্মকর্তারা এবং সিআইএসএসের নির্বাহী পরিচালক আলি সারওয়ার নকভি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *