বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইশ্বরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে

ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকার মধুপুর পশ্চিম পাড়া (কওমী) মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল দলীয় নেতাকর্মী, স্থানীয় জনগণ ও সমর্থকদের আন্তরিক উপস্থিতি এবং দেশনেত্রীর প্রতি গভীর ভালোবাসা।

দোয়া মাহফিলে বিএনপি, এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে একসাথে হাত তুলে দোয়া করতে আহ্বান জানান।

দোয়া মাহফিলের আয়োজন করেন প্রবাসী ও আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক মো. এনাম। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কখনও ফ্যাসিস্ট শক্তির ভয়-জুলুমের মুখে দেশ ছেড়ে পালাননি। বরং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা রেখে গেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। দেশব্যাপী কোটি মানুষ তার সুস্থতার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছেন।”

দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ। তারা বেগম জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, শক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন। মাহফিলে আশপাশের গ্রাম থেকে বহু মানুষ উপস্থিত হয়ে দেশনেত্রীর সুস্থতার জন্য চোখের জলে প্রার্থনা করেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। স্থানীয় নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারা নিয়মিত দোয়া ও গণপ্রার্থনা কর্মসূচি পালন করে আসছেন। তারা বিশ্বাস করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে জাতিকে আবারো নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

এ আয়োজনটি শুধু একটি দোয়া মাহফিল নয়; বরং স্থানীয় জনগণের হৃদয়ে বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *