গণমঞ্চ ডেস্ক নিউজ
বিস্ফোরক সংকটের কারণে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে খনির উন্নয়ন কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন।
তিনি জানান, বিস্ফোরক দ্রব্যের অভাবে উত্তোলন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইতোমধ্যেই বিদেশ থেকে এই বিস্ফোরক আমদানি হয়েছে। এসব বিস্ফোরক দুই-তিন দিনের মধ্যেই খনিতে প্রবেশ করবে এবং পুনরায় উত্তোলন কার্যক্রম শুরু হবে।
জানা যায়, দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে ২০০৭ সালের ২৫ মে। প্রথম অবস্থায় খনি থেকে দৈনিক ১ হাজার ৫শ’ থেকে ১ হাজার ৮শ’ টন পাথর উত্তোলন হলেও পরে তা নেমে আসে মাত্র ৫শ’ টনে। উৎপাদনে যাওয়ার পর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত লোকসানের পরিমাণ দাড়ায় শতকোটি টাকার উপরে। এমন অবস্থায় উৎপাদন বাড়াতে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয় বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসি’কে।
এরপর থেকেই খনিটি লাভের মুখ দেখতে শুরু করে। সরকারের লাভের মুখ দেখায় পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম-জিটিসি’র সাথে আগামী ছয় বছরের পুনঃ চুক্তি করে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিঃ (মধ্যপাড়া পাথর খনি) কর্তৃপক্ষ।
মধ্যপাড়া পাথর খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়ার টেস্ট কনসোর্টিয়াম-জিটিসি চুক্তি মোতাবেক খনির পাথর উৎপাদন ও খনি উন্নয়ন কাজে ব্যবহৃত অতি প্রয়োজনীয় বিস্ফোরক মধ্যপড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে চাহিদামতো সরবরাহ করবে। কিন্তু এই বিস্ফোরক দ্রব্য আমদানি করতে দেরি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
