মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহের গৌরীপুরে বাবার জানাজায় অংশ নিতে এসে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক আহমেদ (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, মো. ফারুক আহমেদের বাড়ি উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তিনি গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ফারুক রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
গত ১ জানুয়ারি রাতে তার বাবা আলাল উদ্দিন (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা যান। খবর পেয়ে পরদিন ফারুক বাড়ি এসে বাবার জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করেন।
ফারুকের স্ত্রী লিমা বেগম জানান, আমার স্বামী ঢাকা থেকে বাড়িতে এসে শ্বশুরের জানাজায় অংশ নিয়েছেন। মিলাদ শেষে তিনি কর্মস্থলে ফেরার কথা ছিল। এর মধ্যেই শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এখন আমার সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ অনিশ্চয়তায় পড়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গনমাধ্যমকে জানান, গৌরীপুর থানায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত নাশকতার মামলায় ফারুক হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
