বাংলাদেশ বর্তমানে একটি অস্থির সময় অতিক্রম করছে: তৌহিদ হোসেন

গণমঞ্চ নিউজ ডেস্ক –

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি অস্থির সময় অতিক্রম করছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ৬০ বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন এসেছে, বিশেষ করে নারী শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন গ্রামের বিদ্যালয়গুলোতেও অর্ধেকের বেশি শিক্ষার্থীই নারী।

তৌহিদ হোসেন মনে করেন, শিক্ষার্থীর সংখ্যাবৃদ্ধি হয়তো অগ্রগতির নির্দেশক, তবে এর মাধ্যমে শিক্ষার মান কতটা উন্নত হয়েছে—সেই প্রশ্ন রয়ে গেছে। তিনি শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মোট বাজেটের কমপক্ষে ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ হওয়া উচিত।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার উন্নয়ন হলেও সেই তুলনায় শিক্ষকদের বেতন-ভাতা তেমন বাড়েনি, যদিও আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। মানসম্মত শিক্ষা ও শিক্ষকতার মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, একসময় পড়াশোনা ছাড়াই পাশ করিয়ে দেওয়ার প্রবণতা ছিল, যা থেকে বের হয়ে আসার চেষ্টা চলছে।

তৌহিদ হোসেন মনে করেন, শুধু বাজেট বৃদ্ধি নয়, বরং বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করাই বেশি জরুরি। তিনি জিডিপির ১০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানান। তার মতে, শিক্ষার মান উন্নত না হওয়ায় বিদেশে গিয়েও বাংলাদেশের শ্রমিকরা প্রতারিত হয় এবং অন্যান্য দেশের তুলনায় গড়ে ৭৫ শতাংশ কম বেতন পায়।

তিনি বলেন, বিদেশে কাজ নিতে গেলে বাংলাদেশের শ্রমিকদের ৫ থেকে ৭ গুণ বেশি অর্থ ব্যয় করতে হয়—এটিকে তিনি রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। জনগণকে জনসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ভারপ্রাপ্ত ইউএনও তনিমা জামান তন্বী, মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠুসহ অন্যান্য অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *