মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ির কবিরপুর এলাকায় দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পেতে স্থানীয় লোকজন কাঁচা রাস্তা পাকা করার দাবিতে শনিবার (৬ ডিসেম্বর) সকালে মহাসড়ক অবরোধ করেন। তাদের এই এক দফা দাবির কারণে কয়েক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কে বড় যানজট তৈরি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
অবরোধে আসা মানুষজন বলেন, দক্ষিণ বনগাঁও, কবিরপুর, চরপাড়া ও আশপাশের গ্রামের মানুষ বহুদিন ধরে কাঁচা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। প্রতিদিন বহু শিক্ষার্থী, গর্ভবতী নারী, বৃদ্ধ এবং অসুস্থ মানুষকে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে হয়। অনেকবার দাবি জানিয়েও সমাধান না পেয়ে তারা অবশেষে রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হন।
একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক অবরোধ করলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। কিন্তু আন্দোলনকারীরা বলেন, তাদের আর কোনো উপায় ছিল না। তারা শুধু চান—রাস্তাটি দ্রুত পাকা হোক।
স্থানীয় ইউপি সদস্য রতন চন্দ্র দাস বলেন, রাস্তাটি পাকা করার বিষয়ে তিনি বহুবার ইউনিয়ন পরিষদের সভায় প্রস্তাব দিয়েছেন। চেয়ারম্যানও নাকি এতে সম্মতি দিয়েছেন। কিন্তু কাজের কোনো অগ্রগতি হয়নি।
ঘটনার খবর পেয়ে রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাক সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা বলেন, উন্নয়ন পাওয়া জনগণের অধিকার, কাউকে উপকার করা নয়। সরকারের বরাদ্দ মানুষের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত। তাদের দাবিগুলো হলো—১) কাঁচা রাস্তা দ্রুত পাকা করা। ২) উন্নয়ন বাজেট বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। ৩) পক্ষপাতমূলক উন্নয়ন বন্ধ করা।
প্রশাসন আশ্বাস দিলেও স্থানীয়রা এখন দ্রুত কাজে হাত দেওয়ার অপেক্ষায় আছেন।
