গণমঞ্চ নিউজ ডেস্ক –
কারা বন্দিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে বন্দিরা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে সপ্তাহে একবার নির্ধারিত নম্বরে ১০ টাকায় ১০ মিনিট কথা বলতে পারেন। এবার একই পদ্ধতিতে স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রদান করা হবে।
সব ঠিক থাকলে দেশের সব কারাগারে শিগগিরই আইপি ফোন স্থাপনের কাজ শুরু হবে। এতে স্বজনদের সরাসরি সাক্ষাতের জন্য কারাগারে যেতে না হওয়ায় তাদের ভোগান্তি ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে কারা অধিদপ্তর।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিবার সাক্ষাতের জন্য স্বজনদের গড়ে প্রায় তিন হাজার টাকা ব্যয় হয়। অনেকে ধারদেনা করেও কারাগারে আসেন। ভিডিও কল চালু হলে বন্দিরা তাদের নিজস্ব পিসির মাধ্যমে সপ্তাহে ১৫ টাকায় ১০ মিনিট ভিডিও কলে কথা বলতে পারবেন।
কয়েকটি কারাগারের কর্মকর্তারা জানান, একসময় কারাগারে টেলিফোন স্থাপন কঠিন বলে মনে করা হলেও আধুনিক সফটওয়্যার ব্যবস্থায় এখন সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। আইপি ফোন ব্যবস্থাপনা চালু হলে বন্দিরা স্বজনদের দেখা দেখতে পারবেন, যা তাদের মানসিক চাপ ও বিষণ্ণতা কমাতে সহায়ক হবে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “কারাগার আধুনিকায়নের অংশ হিসেবে ভিডিও কল সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ফিঙ্গারপ্রিন্টভিত্তিক কলিং সিস্টেম সফল হওয়ায় আইপি ফোনের মাধ্যমে ভিডিও কলকে গুরুত্ব দেওয়া হচ্ছে।”
