মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্র ও গোলাবারুদ ভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার দুপুর পৌনে ১২টায় ডগ স্কোয়াডসহ বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন।
তিনি জানান, উদ্ধার হওয়া ট্রলি ব্যাগে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি ছিল। এ নিয়ে রেলওয়ে থানায় মামলার প্রক্রিয়াও শুরু হয়েছে।
সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সোয়া ১১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনের একটি বগি তল্লাশি করে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বনলতা এক্সপ্রেস আধুনিক সুবিধাসম্পন্ন একটি বিরতিহীন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করে।
পুলিশ ও সেনাবাহিনী এ অভিযানকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে জানান। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সম্পর্কিত তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই অভিযান দেশের রেলপথে নিরাপত্তা নিশ্চিতকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে
