গণমঞ্চ নিউজ ডেস্ক –
দক্ষিণ ভারতের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাট্টিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজয়।
তামিল রাজনীতিতে রুপালি পর্দার তারকাদের প্রভাব নতুন কিছু নয়। এনটি রামা রাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে সর্বশেষ থালাপতি বিজয়—প্রায় সবাই নিজস্ব জনপ্রিয়তায় ভোটারদের মন জয় করেছেন। এবার সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগোলেন বিজয়।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে–এর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাট্টিতে তাঁর দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)–এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থক সমবেত হন। সেখানে বিজয় ঘোষণা দেন, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁর দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের জোটে তাঁরা যাবেন না।
সম্মেলনে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে)–কে ‘একমাত্র রাজনৈতিক শত্রু’ আখ্যা দেন।
তিনি বলেন, “সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে তার শব্দ আট কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনিত হয়। এমন সিংহই শিকারে বের হয়। বনে বহু শেয়াল থাকে, কিন্তু সিংহ একটাই। সিংহই জঙ্গলের রাজা। সিংহ জানে কিভাবে টিকে থাকতে হয়।”
ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে তাঁর দলকে তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। তিনি ভোটারদের সামনে দলটিকে ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে—দুই দলের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
