গণমঞ্চ নিউজ ডেস্ক –
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিআর পদ্ধতি নিয়ে যাঁরা কথা বলছেন, যাঁরা বলছেন পিআর চাই উচ্চকক্ষে, নিম্নকক্ষে; তাঁরা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন। গতকালকে একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন লক্ষ করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয়, তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী ২০২৬ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কেউই রুখতে পারবে না। সে শক্তি কারও নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া।’
আজ শনিবার দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হয়ে উদ্বোধনের সময় এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যাঁরা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন ঠুনকো বাহানায় বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে; তাঁদের উদ্দেশে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারের ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। তাই আসুন আমরা সেই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দেশের ইতিহাস শহীদের রক্তে রঞ্জিত লেখা ইতিহাস। এই ইতিহাস বলে শেষ করা যাবে না। আমরা প্রথম বাংলাদেশ ও শেষ বাংলাদেশের রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য, আমাদের রাজনীতি, আমাদের ঠিকানা বাংলাদেশই প্রথম। সবার আগে বাংলাদেশ, এই দেশে আমাদের কোনো প্রভু থাকবে না।’
