প্রবাসীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ: ভুয়া তথ্য ছড়ানো ‘বড় পাপ’, বললেন আইন উপদেষ্টা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

প্রবাসীদের উদ্দেশে একটি আহ্বানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গুজব ছড়ানো ও পরনিন্দা করা ইসলামসহ নৈতিকতার দৃষ্টিতেও গুরুতর অপরাধ। তিনি উল্লেখ করেন, কিছু ব্যক্তি প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন—যেমন দেশে এসে নাকি মাত্র ৬০ দিন থাকা যাবে—যা সম্পূর্ণ অসত্য।

সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি সরকারের গৃহীত মোবাইল ফোনসেট সংক্রান্ত কিছু প্রচলিত ভুল তথ্য পরিষ্কার করেন। পোস্টে তিনি লেখেন, মোবাইল ফোনসেট আনা ও রেজিস্ট্রেশন প্রসঙ্গে নানা গুজবের বিপরীতে বাস্তব তথ্য জনসমক্ষে উপস্থাপন করা প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি জানান, অতীতে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনসেটের পাশাপাশি মাত্র একটি নতুন ফোনসেট আনতে পারতেন। বর্তমান সরকার প্রবাসীদের সুবিধা বাড়াতে সেই সীমা বাড়িয়ে দুটি নতুন ফোনসেট করার অনুমোদন দিয়েছে। নিজের ব্যবহৃত সেটের পাশাপাশি দুইটির বেশি ফোন আনা হলে অতিরিক্তটির জন্য কর দিতে হবে—এটি এনবিআর ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে কার্যকর হয়েছে। এই সুবিধা শুধুমাত্র বিএমইটি অনুমোদিত প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য; অন্যদের ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর থাকবে।

ফোন রেজিস্ট্রেশনের বিষয়ে তিনি বলেন, এটি শুধুমাত্র প্রবাসীদের জন্য কোনো বিশেষ নিয়ম নয়। আগামী ১৬ ডিসেম্বর থেকে যেকোনো ব্যক্তি নতুন মোবাইল ফোন ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে—এটি দেশের সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। অবৈধ মোবাইলসেট ব্যবহার করে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার মতো অপরাধ রোধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, হয়রানি তৈরির উদ্দেশ্যে নয়।

প্রবাসীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “মিথ্যা প্রচারকারীদের থেকে সাবধান থাকুন। গুজব ছড়ানো শুধু সমাজের জন্যই ক্ষতিকর নয়—ইসলামের দৃষ্টিতেও এটি একটি গুরুতর পাপ।” বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি জানান, প্রবাসীদের আরো কিছু প্রশ্ন তিনি শিগগিরই পরিষ্কার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *