প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল, ৩ ব্যক্তি গ্রেপ্তার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সম্প্রতি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সদর ইউনিয়নের এক নির্জন স্থানে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন রাসেল হাওলাদার, সাখাওয়াত ব্যাপারী ও তারেক খান। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় ওই ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী রাসেল হাওলাদার এবং তার দুই সহযোগী সাখাওয়াত ব্যাপারী ও তারেক খানকে গ্রেপ্তার করেছে।

এতে আরো জানানো হয়, আসামি রাসেল হাওলাদার ১১ মামলার আসামি। প্রায় এক বছর আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন তিনি। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদপূর্বক অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আসামি গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *