গণমঞ্চ নিউজ ডেস্ক –
একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তিনি বলেন, নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন বাংলাদেশে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্র্যাটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করছে। এমনকি বিএনপিকে কটাক্ষ করে নানা ধরনের বক্তব্যও দেওয়া হচ্ছে। অথচ এই বিএনপি চেয়ারপারসন অন্যদের মতো কখনো জাতির সঙ্গে বেইমানি করেনি। একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজ পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করবেন জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে বাংলাদেশে এসে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করবেন। তিনি দেশে এসে আমাদের দলের প্রচারণায় অংশগ্রহণ করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, দেশের মানুষ মুক্তির জন্য ও গণতন্ত্রের জন্য দুই হাজার প্রাণ বিলিয়ে দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই ফ্যাসিবাদের পতন করিয়েছে, তারা যেন আবার পুনরায় ফিরে না আসতে পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে বাংলাদেশের মানুষ সেই আওয়ামী সন্ত্রাসীদের আর দেখতে চায় না। তাই ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে। সেই ঐক্যের মাধ্যমেই আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে।
ডিএল-এর সহ-সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য দেন জাতীয়তাবাদী সমমাননা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, শামসুল আলম লিটন, সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
