মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বিলপাড়া গ্রামের ফসলি জমির ওপর দিয়ে অবৈধ খাল খননের চেষ্টা নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে খাল খননস্থলে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, চন্ডীপাশা ইউনিয়নের ডাংরী গ্রামের ইউপি সদস্য মাহাবুব আলম সরকারি অনুমোদন ছাড়া ফসলি জমির ওপর দিয়ে খাল খননের চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, যেখানে বর্তমানে খাল খনন করা হচ্ছে, সেখানে ব্রিটিশ আমলে খাল থাকলেও গত ৪০–৫০ বছরে তা বিলীন হয়ে গেছে। বর্তমানে সেই স্থানে বহু মানুষের আবাদি জমি রয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এক ইউনিয়নের লোক অন্য ইউনিয়নের জমিতে মালিকদের অনুমতি ছাড়াই খাল খনন করছে, যা সম্পূর্ণ বেআইনী। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা এবং মারামারির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে জমির মালিকরা নিরাপত্তার কারণে নিজ নিজ বাড়িতে চলে যান।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার খাল খননের কাজ বন্ধের নির্দেশ দেন এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য দুই ইউনিয়নের সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন। মানববন্ধনে জসিম উদ্দীন, হাফিজুর রহমান হাফিজ, ফায়জুল ইসলাম হেলাল, রুহুল আমীন, নবী হোসেনসহ আরও অনেকের বক্তব্য প্রদান করা হয়।
