ইমরান আহমদ কাজল, হবিগঞ্জ থেকে
গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনগুলোর নবীগঞ্জ উপজেলা এবং পৌর শাখার নেতা-কর্মীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও চিন্তাশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর কমিটির প্রস্তাবিত সভাপতি আবুল কালাম আজাদ, এবং সঞ্চালনা করেন পৌর কমিটির সদস্য নুরুজ্জামান মিছু। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম, নেতৃত্বের প্রতি আস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় অবস্থান বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতা নবী হোসেন।
তিনি বলেন, দল ও নেতৃত্বের প্রতি অবিচল বিশ্বাস রেখে আমাদের সবাইকে মাঠে নামতে হবে। ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই এখন সময়ের দাবি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতা মোঃ শিশু মিয়া, যিনি বলেন, আমাদের এখনই সময় ঐক্যবদ্ধভাবে কাজ করার। জীবন ভাইয়ের মতো নেতৃত্বই আমাদের এক সুরে বাঁধতে পারে, যিনি গণমানুষের রাজনীতি করেন। সভায় আরও বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ, মোঃ আরশ আলী, এবং পৌর কমিটির প্রস্তাবিত সহসভাপতি নিশি কান্ত।
তারা বলেন, গণঅধিকার পরিষদ কেবল একটি রাজনৈতিক দল নয়— এটি এখন জনগণের স্বপ্ন, ন্যায্য অধিকার ও পরিবর্তনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নবীগঞ্জে ঐক্যবদ্ধ পরিষদই হবে আমাদের প্রকৃত শক্তি। প্রস্তাবিত সাধারণ সম্পাদক মহিদ আহমেদ বলেন, আমরা মাঠে আছি, থাকবোও— কারণ আমরা গণমানুষের অধিকার ও ন্যায়ের রাজনীতি করি। সভায় বিশেষভাবে আলোচিত হয় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন জীবন-কে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নের বিষয়টি।
এ প্রসঙ্গে উপজেলা নেতৃবৃন্দ নবী হোসেন ও নুরুজ্জামান মিছু বলেন, জীবন ভাইয়ের নেতৃত্ব নবীগঞ্জ-বাহুবলের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁর মতো সৎ, ত্যাগী ও দূরদর্শী নেতৃত্বই জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান জিলু, দপ্তর সম্পাদক গোলাম ইমরান আহমদ (কাজল), হবিগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি প্রার্থী সায়মন আহমেদ, এবং অন্যান্য ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে সিদ্ধান্ত হয়, বাহুবল উপজেলার নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই আবুল হোসেন জীবন ভাইয়ের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন ঘোষণা ও কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া, আগামি দিনে একসাথে মাঠে থেকে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করবে নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ। নেতৃবৃন্দ বলেন, গণঅধিকার পরিষদ আজ আর কেবল রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়— এটি জনগণের আশা, স্বপ্ন ও পরিবর্তনের প্রতীক। আমরা সংলাপ, ঐক্য ও গণআন্দোলনের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। সভা শেষে দলীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে নেতাকর্মীদের মধ্যে এক উজ্জীবিত পরিবেশ সৃষ্টি হয়। এই সভা থেকে স্পষ্টভাবে উঠে আসে নবীগঞ্জে গণঅধিকার পরিষদের পরবর্তী পথচলা হবে ঐক্য, জনসম্পৃক্ততা ও গণমানুষের স্বার্থে নিবেদিত রাজনীতি।
