ইমরান আহমদ কাজল, নবীগঞ্জ থেকে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে মিষ্টির ওজন কম দেওয়াকে কেন্দ্র করে দু’টি গ্রামের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, নবীগঞ্জের কালিয়ারভাঙা ইউনিয়নের শাইস্তানগর গ্রামের প্রবাসী বদরুল মিয়া কয়েক দিন আগে ইমামবাড়ী বাজারের ‘ভাই ভাই রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট’ থেকে মিষ্টি ক্রয় করেন। অভিযোগ ওঠে, দোকানের মালিক আমির উদ্দিন প্রতিকেজিতে প্রায় ২৫০ গ্রাম কম মিষ্টি দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করেন। পরদিন প্রবাসী বদরুল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি নিয়ে পোস্ট দেন, যা ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জেরে শনিবার বিকেলে দোকান মালিক আমির উদ্দিনসহ কয়েকজন বদরুল মিয়াকে ধরে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার খবর পেয়ে বদরুল মিয়ার স্বজন ও কালিয়ারভাঙা এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। অন্যদিকে, আমির উদ্দিনের নিজ গ্রাম চন্দলপুর, শ্রীমতপুর, তাজপুর, খাগাউড়া, হরিপুর, ও লহরজপুর গ্রামের লোকজনও পাল্টা অবস্থান নেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বাজার ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে নবীগঞ্জ ও বানিয়াচং থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষ ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
