ধানমন্ডিতে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিশু গৃহকর্মীর লাশ

গণমঞ্চ নিউজ ডেস্ক –

রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় মারিয়া (১২) নামে এক গৃহকর্মীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার(৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গৃহকর্মী মারিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আচুলা গ্রামে।

তাকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্ত্রী নাসরিন সুলতানা বলেন, “ওই বাসায় আমি একাই থাকি। আমার একমাত্র মেয়ে ও স্বামী দেশের বাইরে থাকেন। আমার গাড়ির চালক দুপুরের দিকে বাসায় এসে কলিংবেল দিচ্ছিল কিন্তু সে দরজা খুলছিল না। পরে ড্রাইভার আমাকে ফোন দিলে আমি বাসায় এসে দরজা খুলে দেখি গেস্ট রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলে আছে। তখন তার শরীর গরম ছিল। পরে দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।”

তিনি আরও বলেন, “চার মাস আগে তার নানি বকুল আমার বাসায় কাজের জন‍্য দেয়। তার নানী আমার পাশের বাসায় কাজ করেন। আমার বাসায় দুইটি কাজের মেয়ে, এর মধ্যে দুই মাস আগে একটি মেয়ে চলে গেছে সে আর আসেনি। আমাদের ধারণা সে এই বাসায় কাজ করতে চাইনি এজন্য সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।”

গৃহকর্মী মারিয়ার নানি বকুল বলেন, “চার মাস আগে চার হাজার টাকা বেতনে ওই বাসায় গৃহকর্মীর কাজে দেই আমরা। আজ দুপুরে খবর পেলাম সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনা বিষয়টির সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *