দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক বিচারপতি মানিককে

গণমঞ্চ নিউজ ডেস্ক –

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুনানি করতে এদিন সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করা হয়। এরপর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন করেন। মামলায় এসব সম্পদের মালিকানা অর্জনপূর্বক তা দখলে রাখা এবং হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, সংস্থাটির উপ-সহকারী পরিচালক পাপন কুমার শাহ চলতি বছরের গত ১১ সেপ্টেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

গত বছরের ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় একধিক বার তাকে রিমান্ডে নেয়া হয়। এরপর থেকে কারাগরে আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *