গণমঞ্চ নিউজ ডেস্ক –
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুক্রবার অনুষ্ঠিত ‘এয়ার শো’-তে বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর তেজস যুদ্ধবিমান। এ ঘটনায় নিহত হয়েছেন পাইলট উইং কমান্ডার নমন স্যায়াল। আল-মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুরে ঘটে এই দুর্ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটি আগুনে আক্রান্ত হয়।
ভারতের জন্য এই ঘটনা বিশেষভাবে বিব্রতকর, কারণ তেজসকে আকাশে আধিপত্য স্থাপনের প্রধান অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। প্রদর্শনী চলাকালে বিমানটি বিধ্বস্ত হওয়ায় এটি দিল্লির জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে। দুর্ঘটনার মাধ্যমে বিমানটি কার্যকারিতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে, যেখানে মূল উদ্দেশ্য ছিল বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা।
এ বছরের মে মাসে কাশ্মীরে সংঘটিত উত্তেজনার সময় ভারত-পাকিস্তানের মধ্যে সংঘটিত আকাশ লড়াইয়ে ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে আলোচিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে রসিকতা করেছেন।
তেজস যুদ্ধবিমানটি কম উচ্চতায় ‘অ্যারোবেটিক ডেমোনস্ট্রেশন’ প্রদর্শনের সময় ‘নেগেটিভ জি-টার্ন’ করার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বলে মনে করা হচ্ছে। নেগেটিভ জি-টার্ন হলো মাধ্যাকর্ষণের বিপরীতে বিমান নিয়ন্ত্রণের অভিনব কৌশল।
ভারতীয় বিমান বাহিনী দুর্ঘটনার পর একটি বিবৃতি প্রকাশ করে নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও নিহত পাইলটের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তেজস একক ইঞ্জিনবিশিষ্ট দেশীয় যুদ্ধবিমান, যা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) দ্বারা তৈরি। বিমানটি দূর থেকে শত্রু বিমানকে নিশানা করতে সক্ষম এবং রাডার এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ২০০৪ সাল থেকে এটি আপগ্রেড করা এফ৪০৪-জিই-আইএন২০ ইঞ্জিন ব্যবহার করছে।
তেজস যুদ্ধবিমান হালকা ওজনের, ৮-৯ টন বহন করতে সক্ষম এবং ৫২,০০০ ফুট উচ্চতায় ম্যাক ১.৬–১.৮ গতিতে উড়তে পারে। এটি সক্রিয় ইলেকট্রনিক রাডার, বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং এয়ার টু এয়ার রিফুয়েলিংয়ের সুবিধা প্রদান করে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় চলতি বছরের সেপ্টেম্বরে ৯৭টি তেজস বিমান কেনার জন্য HAL-এর সঙ্গে চুক্তি করেছে। সরবরাহ ২০২৭ সালে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এর আগে ২০২১ সালে ৮৩টি বিমান কেনার চুক্তি হয়েছিল। ২০২৪ সালে রাজস্থানে এক মহড়ার সময় তেজস মার্ক-১ বিমান বিধ্বস্ত হয়, তবে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছিলেন।
