গণমঞ্চ নিউজ ডেস্ক –
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)–এর প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি তিনি বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তুলেছিলেন। তবে মামলা করা হয়েছে তার এক সমাবেশে ভক্তের সঙ্গে দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে।
বুধবার (২৭ আগস্ট) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ু রাজ্যের পেরাম্বলুর জেলার বাসিন্দা শরৎকুমার স্থানীয় পুলিশ সুপারিনটেনডেন্ট অফিসে অভিযোগ দায়ের করেছেন। এতে বিজয় এবং তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
২০২৪ সালে রাজনৈতিক দল টিভিকে গঠন করেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর রাজনীতিতে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সময়েই এ মামলা তার বিরুদ্ধে আনা হলো। চলতি মাসের শুরুতে তিনি ঘোষণা করেছিলেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে তিনি প্রার্থী হবেন। এটি ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজগমের (ডিএমকে) বিরুদ্ধে তার সবচেয়ে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি ডিএমকে-কে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আখ্যা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে টিভিকে-র ‘একমাত্র আদর্শিক শত্রু’ হিসেবে ঘোষণা করেন। হাজারো সমর্থকের সামনে তিনি জোরালোভাবে বলেন, “টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয়, এটি একটি আদর্শ। এটি ক্ষমতাসীনদের জন্য সতর্কবার্তা। কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে আছেন। ২০২৬ সালের নির্বাচন হবে টিভিকে ও ডিএমকে-র মধ্যে লড়াই।”
তিনি আরও দাবি করেন, টিভিকে এমন একটি পরিষ্কার ও আপসহীন শক্তি, যারা গোপনে সমঝোতা বা জোট করে জনগণের সঙ্গে প্রতারণা করবে না। তার মতে, নারী ও যুবসমাজসহ তামিলনাড়ুর সাধারণ মানুষ এখন টিভিকে-র পাশে রয়েছে।
এ ছাড়া সমাবেশে তিনি শ্রীলঙ্কার কাছ থেকে কাচাথিভু দ্বীপ পুনরুদ্ধার এবং তামিলনাড়ুর জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন, যা দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনৈতিক দাবির অংশ।
তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড বিপুল জনসমাগম ঘটিয়েছে, যা রূপালি পর্দার বাইরেও তার জনপ্রিয়তাকে নতুনভাবে প্রমাণ করেছে। মাদুরাইয়ের ওই সমাবেশকে টিভিকে-র সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ হিসেবে ধরা হচ্ছে, যা ১৯৬৭ ও ১৯৭৭ সালের ঐতিহাসিক নির্বাচনের আবহ মনে করিয়ে দেয়।
অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারেরও কড়া সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি চেন্নাইয়ে পরিচ্ছন্নতা কর্মীদের গ্রেপ্তারকে ‘ফ্যাসিবাদী’ ও ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন।
