তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, সচিবালয় অভিমুখে লং মার্চের প্রস্তুতি

গণমঞ্চ নিউজ ডেস্ক –

আজ (১৪ অক্টোবর) বেলা ১২টার মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিকৃত ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা । 

শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, হাজারো শিক্ষক উপস্থিতিত হয়েছেন সেখানে। 

বিক্ষোভ সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘দেশের প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠাননে কঠোরভাবে কর্মবিরতি পালন করা হচ্ছে ।  এতে অচল ও স্থবির হয়ে পরেছে শিক্ষাঙ্গন । আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারী কোনোরকম শ্রেণী কার্যক্রমে অংশ নেবেন না ।’

তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। যেকোনো মুহূর্তে আমরা সুসংবাদ পাব আশা করছি।  অন্যথায় আমাদের আন্দোলন কঠোর রূপ ধারণ করবে।’

শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতির কারণে টানা দুইদিন ধরে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে দেশের অনেক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ।  এতে টাইফয়েডের টিকার রেজিস্ট্রেশন ও টিকাদান কর্মসূচিও বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থানে।

এর আগে গতকাল শহীদ মিনার চত্বরে শিক্ষক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা আগের দিন প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান । একইসঙ্গে আটককৃত আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি দাবি করেন ।

গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *