গণমঞ্চ নিউজ ডেস্ক –
তিউনিসিয়ায় প্রেসিডেন্ট কাইস সাইদের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ ও সরকারের সমালোচকদের কারাদণ্ডের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। শনিবার রাজধানী তিউনিসের বিভিন্ন এলাকায় কালো পোশাক, বাঁশি এবং লাল ফিতা নিয়ে প্রতিবাদে অংশ নেন দুই শতাধিক বিক্ষোভকারী। তারা সরকারের দমন-পীড়ন ও বিচার বিভাগের স্বাধীনতার ধ্বংসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। খবর আল জাজিরার।
তিউনিসিয়ার সরকার ইতোমধ্যেই বেশ কিছু সাংবাদিক, আইনজীবী, সরকার বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীকে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র’ করার অভিযোগে কারাগারে পাঠিয়েছে। বিরোধীরা বলছেন, প্রেসিডেন্ট সাইদ বিচার বিভাগের স্বাধীনতা ভেঙে তার বিরোধীদের দমন করছেন। ২০২২ সালে তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভেঙে দেন।
বিক্ষোভকারীরা সতর্ক করেছেন যে, ২০১১ সালের আরব বসন্তের পর অর্জিত গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারগুলো হ্রাস পাচ্ছে। সাম্প্রতিক সময়ে বিচার বিভাগের রাজনীতিকরণের প্রতিবাদে সাবেক প্রশাসনিক বিচারক আহমেদ সোয়াবকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার কয়েক সপ্তাহ পরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
প্রেসিডেন্ট সাইদ অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, তিনি তিউনিসিয়াকে ‘বিশ্বাসঘাতকদের’ হাত থেকে মুক্ত করছেন এবং দেশের স্বার্থ রক্ষা করছেন।
