আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জ সাভার জুড়ে প্রচার-প্রচারণা পুরোদমে। ভোটারদের মন জয়ে মাঠে নেমেছেন ঢাকা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকা-২ আসনে মাওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে বিশাল মোটর শোভাযাত্রা বের হয়। তুলসীখালী ব্রিজ থেকে শুরু করে শোভাযাত্রাটি রোহিতপুর, বাস্তা, শাক্তা, কালিন্দী, কলাতিয়া, হযরতপুর, তারানগর, সাভারের তেতুলজোরা, ভাকুর্তা হয়ে আরশিন় এলাকায় শেষ হয়। এতে অংশ নেন বহু স্থানীয় নেতা-কর্মী ও সমর্থক।
ঢাকা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ৫৪ বছরে ঢাকার একদম সবচেয়ে কাছের যে নির্বাচনী এলাকা কেরানীগঞ্জ ও সাভার এই এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। আমাদের এই এলাকার মানুষের মৌলিক অধিকার নাগরিক অধিকার ন্যায্য অধিকার শিক্ষা বাসস্থানের অধিকার সকল মানুষের জন্য প্রতিষ্ঠিত হয় নাই।
তিনি আরও বলেন, ঢাকা-২ আসনের মধ্যে এখনো অনেক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। আমি ১০দফা কর্মসূচি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের চরমোনাইয়ের পক্ষ থেকে হাতপাখা প্রতীক দিয়ে আমাকে মনোনীত করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের দশ দফা বাস্তবায়নের লক্ষ্যে হাত পাখা মার্কায় আপনাদের সকলের দোয়া চাই, সকলের সমর্থন চাই। আমি বিশ্বাস করি ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সকল দলের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
শোভাযাত্রা ও মিছিল চলাকালে প্রার্থী পথচারী ও স্থানীয় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ নিজ প্রতীকে ভোট চান।

