গণমঞ্চ নিউজ ডেস্ক –
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ডাকাতির সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে চট্টগ্রামগামী আল আরাফাত পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। বাসটি ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে।
খোঁজ নিয়ে জানা গেছে, যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল বাসটি। পথে রাতে সাড়ে ১১টার দিকে কুমিল্লা জগ্ননাথদিঘী এলাকায় দুজন যাত্রী নামার জন্য গাড়ি থামালে ৭-৮ জনের ডাকাত দল গাড়িতে উঠে ধারালো অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। বাসচালক গাড়ি না থামিয়ে চালাতে শুরু করলে ডাকাত দলের সদস্যরা বাস থেকে লাফ দিয়ে নেমে যায়।
এসময় যাত্রীরা দুজনকে আটক করে ৯৯৯ ফোন দিলে সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানা পুলিশ গতিরোধ বসিয়ে বাসটিতে থাকা ৪২জন যাত্রীকে উদ্ধার করে। এসময় ডাকাত দলের দুই সদস্য মো. মনির ও ওমর ফারুক হৃদয়কে আটক করে। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আটক ডাকাত দলের সদস্যদের কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে কুমিরা হাইওয়ে থানা পুলিশ।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা সড়কে তল্লাশি চৌকি বসিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছি। পরে তাদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
