স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপি মনোনীত অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া’র সমর্থনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের প্রবাসীরা আগামী ২৪ জানুয়ারি থেকে দেশে এসে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন। স্থানীয় ও প্রার্থীর সমর্থক সূত্রে জানা গেছে, প্রবাসীদের সঙ্গে ইতিমধ্যেই অনলাইন জুম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক পরিচালনা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার তানভীর আহমেদ স্বপন।
বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন আফিল উদ্দিন, শামীম ঘুরী, সুলেমান আহমেদ, এম. রহিম, সাংবাদিক শাহাবুদ্দিন শুভ, সহি চৌধুরী, শেখ রুহেল, মামুন, শাহ মিলাদুর, আবিদ, গোলাম মোস্তফা চৌধুরী, সৈয়দ মনছুর, রাসেল চৌধুরী, কাজি জাকির, রীজন মিয়া, হেলাল আহমেদ, সোহেল, রাকিব, মিলন ও শিহাব আহমদসহ প্রায় চল্লিশজন প্রবাসী। তারা নির্বাচনী মাঠে সমন্বয় ও গণসংযোগ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছেন।
আজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন।
চূড়ান্ত প্রতীকলব্ধ প্রার্থীর তালিকা হলো:
ড. রেজা কিবরিয়া (ধানের শীষ)-বিএনপি মনোনীত।
শেখ সুজাত মিয়া (ঘোড়া)- স্বতন্ত্র।
মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী (রিক্সা)-বাংলাদেশ খেলাফত মজলিস।
মুফতি বদরুজ রেজা সেলিম (চেয়ার)- বৃহত্তর সুন্নী জোট ইসলামী ফ্রন্ট।
কাজী তোফায়েল আহমদ (মোটরগাড়ি)- গণফ্রন্ট (জাসদ)।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন, সাবেক এমপি শেখ সুজাত মিয়া শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার না করে নির্বাচনে অংশগ্রহণ স্থির রাখায় এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দুই দফা বৈঠক করেও প্রতিশ্রুতি অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার না করার বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা বিশাল আনন্দ মিছিল বের করেন। মিছিলে অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পিয়ারা, সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের নেতা মখলিছুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪৬১,২৮৯ জন, যার মধ্যে পুরুষ ২৩৩,০১৬ এবং নারী ২২৮,২৬৮ জন। নির্বাচনী এলাকায় ১৭৭টি কেন্দ্র ও ৯০৫টি ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে।
প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রগুলোর অবস্থান পর্যবেক্ষণ করবেন।
প্রার্থী ও সমর্থকরা জানিয়েছেন, তারা আইনগত ও নির্বাচন কমিশনের নিয়ম অনুসরণ করে মাঠে জনসংযোগ কার্যক্রম চালাবেন। নির্বাচনী উত্তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই প্রশাসন পর্যবেক্ষণ জোরদার করেছে।
