ডাকসু নির্বাচন: ৯ সেপ্টেম্বর ভোটে বাধা নেই, হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগে স্থগিত

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত রেখেছেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা রইল না।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে গত সোমবার বিকেলেই ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। সেদিন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

 সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানিতে একইদিন বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এস.কে. তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।

রিটে বলা হয়, শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কীভাবে এখন শিবির সমর্থিত প্যানেলে নির্বাচনে অংশ নেন, তা প্রশ্নবিদ্ধ।

আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রিটটি দায়ের করা হয় গত রোববার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *