ডাকসু: তন্বীর সম্মানে একটি পদ ফাঁকা রাখলো ছাত্রদল

গণমঞ্চ ডেস্ক নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে একটি পদ ফাঁকা রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান।

এসময় তিনি বলেন, ‘২০২৪ সালের ১৫ জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে তাকে সমর্থন ঘোষণা করছি। জুলাই-আগস্টের যে স্পিরিট এবং চেতনা রয়েছে ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে এবং তা সত্যিকার বাস্তবে রূপান্তর করে।’

এতে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদটি খালি রাখে সংগঠনটি। ওই পদে লড়াই করার জন্য আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তন্বী।

গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন তন্বী। তার রক্তে মাখা ভীত মুখটি ভাইরাল হয় এবং আন্দোলন বেগবান করতে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *