জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সই করেছেন রাষ্ট্রপতি

গণমঞ্চ নিউজ ডেস্ক –

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ (১৩ নভেম্বর) ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’-এ সই করেছেন।

এর ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের প্রস্তাবের ওপর গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে, আসন্ন জাতীয় নির্বাচনের দিন একই সময়ে গণভোট অনুষ্ঠিত হবে।

চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটের দিন এই চার বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন।

গণভোটের ব্যালটে উপস্থাপিত প্রশ্ন:

(১) গণভোটে নিম্নলিখিত প্রশ্ন উপস্থাপন করা হবে:

‘আপনি কি ২০২৫ সালের জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) অধ্যাদেশ এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত নিম্নলিখিত সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন অনুমোদন করেন?’ (হ্যাঁ/না)

(ক) তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাগুলো জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী গঠিত হবে।

(খ) পরবর্তী জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হবে। উচ্চকক্ষের ১০০ সদস্য জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে গঠিত হবে এবং কোনো সাংবিধানিক সংশোধন অনুমোদনের জন্য উচ্চকক্ষের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন হবে।

(গ) রাজনৈতিক দলগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত ৩০টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে—যার মধ্যে রয়েছে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, উপ-স্পিকার ও সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে বিরোধী দলের সদস্য নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা। আসন্ন নির্বাচনে বিজয়ী দলগুলো এই ঐকমত্যভিত্তিক সংস্কারগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে।

(ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার অনুযায়ী বাস্তবায়িত হবে।

বাস্তবায়ন আদেশে বলা হয়েছে, গণভোট ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভোটার নির্বাচন কমিশন নির্ধারিত ব্যালট পত্রে গোপনে তাদের ভোট প্রদান করবেন।

এর আগে আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ, জাতীয় নির্বাচনের মতোই গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সনদের প্রস্তাবগুলো নিয়ে গণভোট এবং আসন্ন জাতীয় নির্বাচন ইস্যু নিয়ে এদিন দুপুর ২টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হয়েছে।

তার আগে, আজ সকালে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, নির্বাচন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করার পদ্ধতি নির্ধারণে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *